মনের মতন স্বামী
শিবরাত্রিতে সুন্দরী নারী
লিঙ্গ-সমুখে বসে
মেনে সব রীতি ভক্তিতে ভারী
শিবপূজা করে কষে ।
খুশি হয়ে শিব মারিলেন উঁকি -
"কিরকম স্বামী চাই?
ঠিক যেমনটি পেলে হবে সুখী,
দেব তাহা সাপ্লাই! "
কহিল রমণী - "রূপে ঋত্বিক,
ফিজিক-এ সে সলমন -
সাথে সংসারী হয় যেন ঠিক
অভিষেক বচ্চন!
টাকাকড়ি? তাহা অল্প দেবেন,
আম্বানির যা আছে;
মেধায় হলেই অমর্ত্য সেন
যথেষ্ট মোর কাছে! "
বর্ণনা শুনে শিব ঘেঁটে গোল,
জটা ভিজে ওঠে ঘামে -
অম্বলে তাঁর পেট ফুলে ঢোল,
ত্রিনয়নে ধারা নামে!
অবশেষে তিনি কৈলাস থেকে
প্রসাদ দিলেন ছুড়িয়া -
লুফে নিয়ে নারী মুঠি খুলে দেখে,
রয়েছে গাঁজার পুরিয়া!
স্তম্ভিত নারী; শিব হেসে কন -
"তোমার ওই খিচুড়ি
গঞ্জিকা শুধু করিয়া সেবন
সম্ভব পুরোপুরি!
সকালে উঠেই দু'ছিলিম টেনো,
আর নাহি রবে ল্যাঠা -
যাহাকে দেখিবে মনে হবে যেন
সুপারম্যানের জ্যাঠা! "
সেই থেকে হয়ে নেশায় বিভোর
সংসার করে নারী -
নাহলে কবেই ব'লে ধুত্তোর
পুরুষকে যেত ছাড়ি!
রাকেশ ঘোষাল
Comments
Post a Comment