জাত



আমি জাত মানি। নীচু জাতদের আমার ঘেন্না লাগে খুব৷ অচ্ছুত ভাবি আমি তাদের। ছুঁয়ে ফেললে ঘেন্না করে৷ হ্যাঁ বুক চিতিয়ে বলতে পারি, আই বিলিভ ইন কাস্টিজম। 

তবে আমার জাতিভেদ, চিরাচরিত ভারতের জাতিভেদ থেকে একটু আলাদা। সেটা আমি নিজের মত সেট করেছি৷ 

যেমন ধরুন, যারা রিকশাচালক, সব্জীবিক্রেতাদের নির্দ্বিধায় "কীরে অজয়নগর যাবি?" বা "এই পটলের কিলো কত দিচ্ছিস?" বলে তুইতোকারি করে, তাদের আমি নীচু জাত ভাবি৷ 

কিম্বা যারা চাকরি ক্ষেত্রে, কোনও কারণ ছাড়া, ক্ষমতা প্রদর্শন করতে, অধস্তনদের গালমন্দ করে, তাদের নামে মিথ্যে কথা রটায়, তাদের চাকরি খাওয়ার চেষ্টা করে, হক এর ছুটি নিতে দেয় না, তাদের দেখলেই দু হাত সরে যেতে ইচ্ছে করে। 

যারা ধরুন, বাড়ির কাজে সাহায্যকারী মহিলা, যাদের আমরা পিসি বা মাসি বলে থাকি, তাদের পচে যাওয়া, বাসি খাবার দেয়, একদিন অসুখের জন্য কামাই করলে মাইনে কেটে নেয়, তাদের প্রত্যেকটা ছুটির কারণকে মিথ্যে কথা ভেবে তাদের চরিত্র নির্ধারণে বসে পড়ে, তাদের আমার ঘেন্না করে, ভুল করে যদি ছুঁয়ে ফেলি! জাত চলে যাবে যে আমার! 

এছাড়া যারা, পাড়ার কোনও সল্পপরিচিত মেয়েকে যদি একটি ছেলের সঙ্গে দেখে ফ্যালে, ওমনি তার চরিত্র নিয়ে বিশ্লেষণ শুরু করে দেয়, "ওর চরিত্র তো এমনই, কতজনের সঙ্গে শুয়েছে কে জানে, দু বার অ্যাবোর্শন হয়েছে, আজকালকার মেয়েছেলেরা এমনই, ওদের থেকে আমাদের ছেলেগুলোকে বাঁচাতে হবে ইত্যাদি" আলোচনা করে, এরা বাড়ির চৌহদ্দিতে এলে মনে হয় কিভাবে ঘরটাকে শুদ্ধ করা যায়!  

তারপর ধরুন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে। অমুক ধর্মের লোকরা খারাপ, এদের দেখলেই মারো, কিম্বা পদবী আলাদা তাই এই দম্পতিকে বিয়ে করতে দেওয়া যাবে না বলে ঝামেলা করে, এদের দেখলেই আমি নাকে খারাপ গন্ধ পাই। 

আমি এমনও দেখেছি, যে ভদ্রলোকটি আমার বাড়ির আবর্জনা প্রতিদিন সকালে নিয়ে যাওয়ার জন্য কলিং বেল বাজাচ্ছে, আমারই ফ্ল্যাটের প্রতিবেশি, তাকে বারণ করে দিয়েছে কলিং বেলে হাত দিতে৷ জোরে জোরে ডাকতে নিদান দিয়েছে। সে চলে গেলে, তার পদচিহ্নের জায়গাটুকু 'শুদ্ধ' করার জন্য গঙ্গাজল ছিঁটিয়েছে। অত্যন্ত ক্ষমা চেয়ে বলছি, মাঝে মাঝেই আমি তাদের মৃত্যুকামনা করে ফেলেছি অজান্তেই। 

এছাড়াও যারা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে হাসাহাসি করে, তাদের ঘেন্না করে, তারা কারও সঙ্গে ভাল থাকলে বিদ্রূপ করে, একই পরিমাণ ঘেন্না তাদের জন্য বুক ঠেলে উঠে এসেছে৷ 

সর্বোপরি, যারা বিভিন্ন কারণ, যেমন ধর্ম, জাত, পদবী, ঘটি-বাঙাল, লিঙ্গ ইত্যাদির জন্যে ভেদাভেদ করে, তাদের আমি আমার নিজের জাতিভেদপ্রথায় এত্ত নীচু জায়গায় রেখেছি যে, তাদের আমি কোনওদিন ছোঁব না৷ ছুঁলেই যে আমার জাত চলে যাবে।

রাকেশ ঘোষাল

Comments

Popular posts from this blog

গ্রীষ্মের_ছুটিতে ছাত্রের লেখা খোলা চিঠি